ঢাকা-গাজীপুর বিআরটি: ২ হাজার ৮০০ কোটি টাকা খরচের পর বাস লেন বাতিল নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

বিআরটি চালু হলে যাতায়াতের সময় ও ব্যক্তিগত গাড়িনির্ভরতা কমবে এবং বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে।

ঢাকা-গাজীপুর বিআরটি: ২ হাজার ৮০০ কোটি টাকা খরচের পর বাস লেন বাতিল নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

গাজীপুর কণ্ঠ ডেস্ক

প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে এবং সেবা চালু না করেই ঢাকা-গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর-পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, প্রকল্পে ভুল বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। এর দায় বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনের আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন।

মন্ত্রিসভার সিদ্ধান্ত

বিআইপির সভাপতি ও নগর-পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে।

তার মতে, অবকাঠামো নির্মাণের পর সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। আর্থিক ও পরিচালনাগত সমস্যার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকেই নিতে হবে।

আরিফুল ইসলাম বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতির মূল্যায়ন করা জরুরি ছিল। সব পক্ষের বক্তব্য ও বিকল্প বিশ্লেষণ করে তথ্য জনগণকে জানানো এবং মন্ত্রিসভার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রকাশ করা প্রয়োজন।

তিনি জানান, ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা, ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানে এই পথে বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) রাখা হয়েছে।

তার ভাষ্য, বিআরটি চালু হলে যাতায়াতের সময় ও ব্যক্তিগত গাড়িনির্ভরতা কমবে এবং বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। চলমান সড়ক প্রকল্পগুলো শেষ হলেও করিডরে যানবাহনের চাপ কমতে পারে।

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন, বিআরটির ক্ষেত্রেও পরিকল্পনার সঠিক প্রতিফলন ঘটবে এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৯৭ শতাংশ কাজ শেষে বাতিল কেন

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি দুই বছরে বাস্তবায়িত হয়েছে।

তিনি প্রায় ৯৭ শতাংশ কাজ শেষে প্রকল্প বাতিলের কারণ জানতে চান এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহি দাবি করেন।

শামসুল হক বলেন, নির্মাণকাজের অগ্রগতিতে যানজট কমতে শুরু করায় গাজীপুরবাসী আশাবাদী হয়েছিলেন। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে অটোরিকশা বাড়ছে।

তার আশঙ্কা, প্রকল্প বাতিল হলে ২৫টি স্টেশনের বিশেষ পারাপার সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি বাড়তে পারে। যারা গণপরিবহন ব্যবহার করেন না, তারাই সিদ্ধান্ত নিচ্ছেন বলে তিনি আক্ষেপ করেন।

তিনি বিশেষজ্ঞ ও জনমত নেওয়ার পাশাপাশি নাগরিক প্রতিনিধিদের সরেজমিন পরিস্থিতি দেখার অনুরোধ জানান।

সিপিবি নেতা রুহিন হোসেন (প্রিন্স) বলেন, এত টাকার প্রকল্প বাতিলের বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা উচিত বলে তিনি মনে করেন। তিনি শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ বলেন, বিআরটি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও জীবনমান বাড়াতেও ভূমিকা রাখতে পারে। কোনো ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে তার সমাধান করা উচিত।

তার মতে, আগে সম্ভাব্যতা যাচাইয়ের পর আবার সমীক্ষা করে বাতিলের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। যথাযথ বাস্তবায়ন হলে এটি দৃষ্টান্তমূলক প্রকল্প ও অনন্য স্থাপত্য নিদর্শন হতে পারে।

ছয় বাস রুটের ভবিষ্যৎ অনিশ্চিত

পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী বলেন, নিজের কাজের অভিজ্ঞতা এবং বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি আর্থিক ও কারিগরিভাবে সম্ভাবনাময়। বিপুলসংখ্যক বাসযাত্রীর এই পথে বিআরটি পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, বাস ফ্র্যাঞ্চাইজির সফলতার জন্য নিরবচ্ছিন্ন গণপরিবহন অপরিহার্য। বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে, প্রকল্প বাতিল হলে সেগুলোর ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়বে।

মাহবুবুল বারীর ভাষ্য, প্রকল্পের পাশাপাশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বন্ধের আলোচনাও চলছে। প্রচলিত সড়কব্যবস্থায় ফেরার উদ্যোগকে তিনি ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেন।

বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক পরিকল্পনাবিদ মু. মুসলেহ উদ্দিন হাসান জানান, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে পৃথক আলোচনা হয়েছে এবং সমন্বিত আলোচনার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সংবাদ সম্মেলনসহ নানা উদ্যোগ নিলেও তাদের দাবি সরকারের কাছে পৌঁছায়নি। ব্যক্তিগত স্বার্থে নয়, জনস্বার্থেই তারা এই নগর রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন চান।

প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি তার সঙ্গে আলোচনার আগ্রহ জানান। বাস ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করলেও বিআরটি ছাড়া পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। দাবি সরকারের কাছে পৌঁছে দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতাও চান।

আট দফা দাবি

সংবাদ সম্মেলনে আয়োজকরা আট দফা দাবি তুলে ধরেন:

১. ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

২. সব পক্ষের মতামত, আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন এবং পরিবহন পরিকল্পনা বিশ্লেষণ করে, তথ্য প্রকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।

৩. সব নথি, পরামর্শক ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা এবং দায়িত্ব সংরক্ষণ করে স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করা।

৪. বিমানবন্দর-গাজীপুর করিডরকে ‘আরবান আর্টারি’ ঘোষণা করা।

৫. ঢাকাসহ দেশে আরও বিআরটি চালু করা।

৬. ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্নামকরণ করে দেশব্যাপী দায়িত্ব ও কারিগরি নেতৃত্ব দিয়ে শক্তিশালী করা।

৭. প্রকল্পের পরিবর্তে পরিকল্পনানির্ভর পরিবহন উন্নয়ন নিশ্চিত করা।

৮. সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া।

আরিফুল ইসলাম বলেন, কারিগরি ভুল বা অনিয়ম আন্তর্জাতিক মানদণ্ডে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করতে হবে। বিআরটি লেন বহাল রেখে দেশের প্রথম বিআরটি করিডর বাস্তবায়ন করতে হবে বলেও তিনি মত দেন।