গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে এসআরবি-১ তাকে গ্রেপ্তার করে।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, সকাল সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, সকাল পৌনে ১০টায় সাঈদ খোকনকে ডিবিতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, সকাল আটটার দিকে এসআরবি সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সেই সিদ্ধান্ত ডিবিই নেবে।
এসআরবির কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী বেলা পৌনে ১২টায় জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গ্রেপ্তারের পর সাঈদ খোকন।
সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। তিনি ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। এর সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। এরপর সংসদ ভেঙে দেওয়া হলে তার সংসদ সদস্যপদের অবসান ঘটে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত দুই বছর তিনি নীরব ছিলেন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা সম্প্রতি একটি ভিডিও বার্তায় দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেছিলেন।