উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার পর জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ

আন্দোলনকারীরা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছেন।

উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার পর জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবির মুখে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) সারাদিন উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই নির্দেশনার বাইরে থাকবে।

সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা উপাচার্যের সঙ্গে বৈঠকও করেন।

পরে আন্দোলনকারীরা ফটক বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

আন্দোলনকারীরা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে।

তাদের আরও অভিযোগ, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো বদলে হেরিটেজ নষ্ট করা হচ্ছে। বক্তাদের ভাষ্য, বিপুল অর্থ ব্যয় হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।

সোমবার রাত ১০টায় সিন্ডিকেটের জরুরি সভায় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য।

জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিকার বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি হয়। সভা সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন এবং সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।