গাজীপুরে ১২ দিনে গ্রেপ্তার ৮০

গাজীপুরে ১২ দিনে গ্রেপ্তার ৮০

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় গত ৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময়ে ১৪-১৫টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের ব্রিফিংয়ে জিএমপির কমিশনার মো. আশিক সাঈদ এসব তথ্য জানান।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে যাতে কেউ পরিকল্পিতভাবে নাশকতা চালাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই তৎপর ছিল বলে তিনি দাবি করেন।

পুলিশ কমিশনার জানান, বুধবার রাতে দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকারবিষয়ক সম্পাদক। তাকে পেট্রলসহ আটক করা হয়।

কমিশনারের ভাষ্য, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে রাস্তায় চলাচলকারী যানবাহনে পেট্রলবোমা ছুড়ে নাশকতার প্রস্তুতি তাদের ছিল। তবে এই দাবির স্বাধীন কোনো সত্যতা যাচাই করা যায়নি।

গুজব ছড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, গুজব ছড়িয়ে মানুষকে অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, মহানগরের কিছু পোশাক কারখানা সকালে ছুটি দেওয়ার পর শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়নি।

পুলিশ কমিশনার জানান, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতি শান্ত আছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।