ডুয়েটে চীনা ভাষা শেখার সুযোগ নিয়ে সেমিনার, চালু হলো ভাষা কেন্দ্র

মূল প্রবন্ধে বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এ ভাষা জানলে কী ধরনের সুযোগ তৈরি হয়, তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হুই।

ডুয়েটে চীনা ভাষা শেখার সুযোগ নিয়ে সেমিনার, চালু হলো ভাষা কেন্দ্র

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন একটি ভাষা কেন্দ্র ও আন্তর্জাতিক বিষয়ক অফিস চালু হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধনের পর চীনা ভাষার গুরুত্ব নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।

মূল প্রবন্ধে বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এ ভাষা জানলে কী ধরনের সুযোগ তৈরি হয়, তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হুই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম। স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার।

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন জানান, বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। এর ধারাবাহিকতায় ডুয়েটে নতুন এই কেন্দ্র ও অফিস চালু করা হলো।

তাঁর ভাষ্য অনুযায়ী, সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস ধাপে ধাপে শিক্ষার্থীদের চীনা, জাপানি, ফরাসি, জার্মান ও আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করবে। কেন্দ্রটির লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য তাদের প্রস্তুত করা।

অন্যদিকে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা স্থাপনে কাজ করবে। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং স্কলারশিপ ও ফেলোশিপের তথ্য সরবরাহ করবে। বিদেশি শিক্ষার্থীদের সহায়তার সমন্বয়কারী দপ্তর হিসেবেও দায়িত্ব পালন করবে অফিসটি।