কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশসেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসংক্রান্ত কার্যক্রম বিবেচনা করা হয়েছে।

কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশসেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বিশেষ প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কোয়াকোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি মিলিয়ে তৃতীয়।

বুধবার (১৮ নভেম্বর) গাকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম এ তথ্য জানান।

রনি ইসলামের ভাষ্য অনুযায়ী, একই র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম স্থান পেয়েছে। পরিবেশগত গবেষণায় বিশ্বে এর অবস্থান ৫৮৫তম।

রনি ইসলাম জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কিউএস তাদের ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসংক্রান্ত কার্যক্রম বিবেচনা করা হয়েছে।