বিএনপির ভেতরে ‘শুদ্ধি অভিযান’: খোঁজা হচ্ছে আ.লীগের আশ্রয়দাতাদের!

কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্তদের নাম সংগ্রহ করছে একটি গোয়েন্দা সংস্থা। একই সময়ে বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও আলাদা তালিকা বানাচ্ছে।

বিএনপির ভেতরে ‘শুদ্ধি অভিযান’: খোঁজা হচ্ছে আ.লীগের আশ্রয়দাতাদের!

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের আড়াল করছেন বা ছাড়িয়ে নিতে তদবির করছেন, এমন নিজ দলের নেতাকর্মীদের খুঁজে বের করতে তালিকা তৈরির কাজ শুরু করেছে বিএনপি। 

অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রমাণ মিললে এঁদের শুধু দল থেকে নয়, আইনের আওতায়ও আনার সিদ্ধান্ত হয়েছে। দলের কয়েকজন শীর্ষ নেতা এই অবস্থানের কথা প্রকাশ্যে বলেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্তদের নাম সংগ্রহ করছে একটি গোয়েন্দা সংস্থা। একই সময়ে বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও আলাদা তালিকা বানাচ্ছে। এই টিম অভিযোগ যাচাই করবে এবং সত্যতা পেলে বিষয়টি দলের হাইকমান্ডের সামনে তুলবে। সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তার পরই।

যাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতা মামলার আসামি, তাঁদের থানা থেকে ছাড়াতে তদবির বা যেকোনো ধরনের সহায়তার প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে স্থায়ী বহিষ্কারের কথা বলা হচ্ছে, সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও।

এশিয়া পোস্ট বলছে, আওয়ামী লীগ আমলে হামলা-নির্যাতনে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হলে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ছাড়া পেয়েছেন, এমন খবর আগেও এসেছে। এসব অভিযোগের পটভূমিতেই দলের ভেতরে ‘শুদ্ধি’র কথা জোরালো হচ্ছে।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা এশিয়া পোস্টকে জানিয়েছেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার একটি কথিত ঘোষণা নিয়ে আলোচনা আছে। সেটিকে ঘিরে কোনো অস্থিরতা তৈরি হতে না দেওয়ার ব্যাপারে সরকার অনড়। এই নেতাদের বক্তব্য, বিএনপির কেউ আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করলে তিনিও ব্যবস্থার মুখে পড়বেন।

তাঁদের যুক্তি, জুলাই অভ্যুত্থানে বহু মানুষের প্রাণের বিনিময়ে যে গণতান্ত্রিক পরিবেশ এসেছে, ‘পতিত ফ্যাসিস্টের দোসর’দের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ তার সঙ্গে বেইমানি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সরকারি দলের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘যে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তারপরও দল থেকে বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ দলের নাম ভাঙিয়ে পার পেয়ে যেতে না পারে।’

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘দলের কেউ অপরাধ করলে কিংবা জনবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে নমনীয়তা দেখানো হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি থাকবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা।’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধরার পর তাকে ছাড়ানোর জন্য কোনো বিএনপি নেতার ফোন আসলে তাকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে গণ্য করে প্রতিহত করা হবে।’

স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গত ৩১ অক্টোবর একই বার্তা দেন। তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের কোনো প্রকৃত কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। দলীয় পরিচয়কে কেউ যেন অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই উপলব্ধি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আজীবন বহিষ্কারের মতো চরম শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’

যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এই সিদ্ধান্তকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জুড়ে দেখেছেন। তাঁর ভাষ্য, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এমতাবস্থায় বিএনপির কোনো নেতা যদি তাদের সহযোগিতা করেন, তবে তা পরোক্ষভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই দলীয় শাস্তির পাশাপাশি ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়ার মাধ্যমে বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

এশিয়া পোস্ট লিখেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছেন, গোপনে বৈঠক করছেন এবং অনলাইনেও সক্রিয় আছেন। নাশকতার অভিযোগে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করেছে।

প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, তৃণমূলে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তাঁরা ব্যক্তিগত স্বার্থে, টাকার লেনদেনে কিংবা আত্মীয়তার কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিচ্ছেন।

অন্যদিকে বিএনপি নিজেও ইতিমধ্যে অনেককে শাস্তি দিয়েছে। শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও প্রতিপক্ষের বিতর্কিত লোকজনকে আশ্রয় দেওয়ার অভিযোগে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্র থেকে জারি করা শৃঙ্খলা-বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ এসেছে ৭১টি। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মন্ত্রী ও সংসদ সদস্যের পদও ছাড়তে হয়েছে কাউকে কাউকে।

সাধারণত রাজনৈতিক দলগুলো ভেতরের শৃঙ্খলাভঙ্গে পদ স্থগিত বা বহিষ্কারের মতো সাংগঠনিক শাস্তিতেই থেমে যায়। এবার বহিষ্কারের সঙ্গে আইনি ব্যবস্থার কথা আলাদা করে ঘোষণা করেছে বিএনপি, যা এশিয়া পোস্টের ভাষায় এক ধাপ এগিয়ে যাওয়া।

দলের নীতিনির্ধারকদের আশঙ্কা, বহিষ্কারের পরও অভিযুক্তরা এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করেন। তাঁদের ধারণা, পুলিশে সোপর্দ বা মামলা হলে অপরাধের প্রবণতা কমবে। তাঁরা এটাও বলছেন, থানা থেকে আসামি ছাড়ানোর তদবির পুলিশের পেশাদারিত্বে বাধা তৈরি করে। এখন জিরো টলারেন্স নীতির ফলে পুলিশ রাজনৈতিক চাপ ছাড়াই ব্যবস্থা নিতে পারবে বলে তাঁদের প্রত্যাশা।

কেন্দ্রীয় নেতারা বলছেন, নীতিটি কার্যকর করতে হলে নজরদারি আরও জোরদার করতে হবে। তাঁদের হিসাবে, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আশ্রয় বন্ধ হলে মাঠে সংগঠিত হওয়া আওয়ামী লীগের জন্য কঠিন হবে। একই সঙ্গে দলের ভেতরের সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত অংশ চাপে পড়বে, আর ত্যাগী ও আদর্শিক কর্মীদের মনোবল বাড়বে বলে তাঁদের আশা।