গাজীপুর কণ্ঠ ডেস্ক
নয় বছর আগে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে আইসিজের ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হল।
সেই সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা এগারো লাখ রোহিঙ্গার অনিশ্চিত জীবনে বিরল এক আনন্দের উপলক্ষ হয়ে এল এই রায়।
নাৎসি হলোকাস্টের পর থেকে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত মাত্র চারবার গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছে। এবারের রায় সেই বিরল ঘটনাগুলোর একটি।
রায়ে বলা হয়, জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে আদালত।
পনের বিচারকের মধ্যে প্রেসিডেন্ট ইয়াসাওয়া ইউজিসহ নয় জন এ মতের পক্ষে রায় দেন। আর ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসহ ছয় জন মত দেন বিপক্ষে।