গাজীপুর কণ্ঠ ডেস্ক
রাজধানী ঢাকার চারপাশের নদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা নির্মাণের অনুমোদন দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই এলাকায় আগে যেসব ভবন তৈরি হয়েছে, সেগুলোর ব্যাপারে কী করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
সরকারের পরিকল্পনা হলো, নদীতীরে নতুন স্থাপনা বন্ধ করে ইনার সার্কুলার রোড নির্মাণ এবং নদীদূষণ ঠেকানো। সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাকে নির্দেশনা পাঠানো হয়েছে।
এত দিন নদীর সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল। ৫০ থেকে ২৫০ মিটারের মধ্যে কিছু বানাতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএর অনাপত্তিপত্র রাজউকে জমা দিতে হতো। নতুন সিদ্ধান্তে ১০০ মিটারের মধ্যে এ ধরনের অনুমোদন পুরোপুরি বন্ধ হয়ে গেল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার কার্যবিবরণী অনুযায়ী, ৪ অক্টোবর কেন্দ্রীয় সেলের ওই সভা হয়। আলোচ্য বিষয় ছিল ঢাকার চারপাশের নদী এবং সংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদীর নাব্যতা নিশ্চিত করা ও বৃত্তাকার নৌপথের উন্নয়ন।
কালীগঞ্জে চার কোম্পানির দখলে ‘শীতলক্ষ্যার ১৫ একর জমি’, উদ্ধারের দায়িত্ব নিচ্ছে না কেউ
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারবিষয়ক প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে। নির্দেশনায় বলা হয়েছে, এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সিদ্ধান্ত অনুযায়ী ১০০ মিটারের মধ্যে নকশা অনুমোদন বন্ধ করা হয়েছে। কেউ অনুমোদন ছাড়া স্থাপনা বানালে সংশ্লিষ্ট সংস্থাগুলো সেখানে পানি ও বিদ্যুতের সংযোগ দেবে না। এ ছাড়া রাজউক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালাবে।
আগে বানানো ভবনের ব্যাপারে তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত এখনো তারা পাননি।
নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান সংবাদ মাধ্যমকে বলেন, আগেও নদীর ৫০ মিটারের মধ্যে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল না। কিন্তু বাস্তবে ওই সীমার মধ্যেই অনেক স্থাপনা গড়ে উঠেছে, এমনকি নদীর জায়গা দখল করেও। সেগুলো সরানো যায়নি।
তার মতে, এখন ১০০ মিটারের মধ্যে আগে বানানো ভবনের কী হবে, সে প্রশ্নও থেকে যাচ্ছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন করা গেলে ভালো হবে, তবে সরকার তা পারবে কি না, সে বিষয়ে তাঁর সংশয় আছে।