গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের একটি সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জিএমপির মিডিয়া শাখার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া মো. রফিকুল ইসলামকে ঘটনার ‘প্রধান আসামি’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। উপকমিশনারের (অপরাধ-দক্ষিণ) নির্দেশে গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ও সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুলের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। বাবার নাম মো. ফজলুল হক। গাছা থানার সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গত ১৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় গাছা থানায় মামলা (নম্বর ৪৭) হয়েছে।
গত ১৮ নভেম্বরের (বুধবার) সকাল থেকে গাজীপুর নগরের ছয়দানা এলাকায় বেতন বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, সেখানে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির কাছে গাড়িটি আটকে দেওয়া হয়।
এরপর ৯টা ৪৫ মিনিটের দিকে লাঠিসোঁটা হাতে কয়েকজন গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। গাড়িটি জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ব্যবহার করতেন।
চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হিরণ মিয়া তখন জানিয়েছিলেন, তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জিএমপি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান চলমান থাকবে।
আরো জানতে……