তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গর্তে পড়েছেন; নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আর পুনর্বাসন না করার দাবি জানান।

তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গর্তে পড়েছেন; নাসীরুদ্দীন পাটওয়ারী

বিশেষ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচনের সময় সতর্ক করার পরও তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। তার ভাষায়, এর মাধ্যমে তিনি ‘গর্তে পড়েছেন’।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির এক সমাবেশে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার ফাঁসি কার্যকর, আওয়ামী লীগের বিচার এবং চার দফা দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছিল।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আর পুনর্বাসন না করার দাবি জানান। তিনি বলেন, সেনাবাহিনী, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি ও গার্মেন্টসসহ সব জায়গা থেকে আওয়ামী লীগকে সরাতে হবে।

তারেক রহমানের ঐক্যের ডাক প্রসঙ্গে তিনি বলেন, কিসের ভিত্তিতে এ ঐক্য, তা তারা জানেন না। তার মতে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ওসমান হাদির পক্ষে ঐক্য হতে পারে, তবে তা হতে হবে রাজপথে, কোনো গোলটেবিলে নয়। ঐক্যের ডাকের পর চাঁদাবাজি চললে চাঁদাবাজদের সঙ্গে ভবিষ্যতে বসতে তারা রাজি নন বলেও জানান তিনি।

বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘গত আট মাস আমরা দেখেছি, বিএনপি-আওয়ামী লীগ কুসুম কুসুম হয়ে গিয়েছিল না? পিরিত করেছিল না? এদের পিরিত এখন কই গেছে?’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালে ‘লাখো-কোটি জনতা’ তাদের ‘সিস্টেম’ আর মেনে নেবে না।

বাংলাদেশ নিয়ে ভারতের পাঁচজন মন্ত্রী ও বিধায়কের সাম্প্রতিক বক্তব্যের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী মোদি সরকারকে নিজেদের মন্ত্রীদের ‘মুখে টেপ লাগিয়ে রাখতে’ বলেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, তার নিশ্চয়তা তিনি দিতে পারবেন না। তার যুক্তি, বাংলাদেশের শান্তির ওপরই ভারতের শান্তি নির্ভর করে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমও ভারতকে উদ্দেশ করে বলেন, ‘আমার দেশের স্বাধীনতার দিকে যে আঙুল তুলবে, সে আঙুল বাংলাদেশের মানুষ ভেঙে দেবে।’

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, গাজীপুরে এনসিপি আছে, তারা নেই। শেখ হাসিনার উদ্দেশেও একই কথা বলেন তিনি। এ সময় মোজাম্মেল হকের নাম উল্লেখ করে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। তার দাবি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনতে হবে।

সারজিস আলম বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে, এখন তাদের বিনা মূল্যে চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও আবাসনের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।