বন্দর সাম্রাজ্য গড়েও সব হারাল সাইফ পাওয়ারটেক!

সাইফ পাওয়ারটেকের শেয়ারের দর একসময় ১০০ টাকায় উঠেছিল। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে তা ৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

বন্দর সাম্রাজ্য গড়েও সব হারাল সাইফ পাওয়ারটেক!

গাজীপুর কণ্ঠ ডেস্ক

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার চুক্তির মেয়াদ সোমবার শেষ হওয়ায় বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় সাইফ পাওয়ারটেকের সরাসরি উপস্থিতি আর থাকল না। 

একসময় বন্দরের বড় অংশের নিয়ন্ত্রণ থাকা প্রতিষ্ঠানটির এখন দেশের কোনো গুরুত্বপূর্ণ টার্মিনালেই পরিচালনার দায়িত্ব নেই বলে জানিয়েছে টাইমস অফ বাংলাদেশ।

টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রথম বড় ধাক্কা খায় ২০২৫ সালের ৭ জুলাই, যখন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নৌবাহিনী-পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেডের হাতে যায়। এর পর সিসিটির চুক্তির মেয়াদ শেষ হলো।

চট্টগ্রামের বাইরেও অবস্থা একই। পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল এখন পরিচালনা করছে শিপিং গ্রুপ এমএসসির সহযোগী প্রতিষ্ঠান মেডলগ। মোংলা বন্দরে সাইফ পাওয়ারটেকের একটি বড় বিনিয়োগ প্রকল্প থমকে আছে।

কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে প্রতিষ্ঠানটির চুক্তি ২০২৩ সালেই শেষ হয়েছিল। তবে তাদের করা মামলার কারণে নতুন অপারেটর নিয়োগ আটকে ছিল, আর এ সময় ডিপোর কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেছেন, আদালতের স্থগিতাদেশ-সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় সোমবার পাঁচ বছরের জন্য নতুন অপারেটর নিয়োগে দরপত্র ডাকা হয়েছে। নতুন অপারেটর না আসা পর্যন্ত কর্তৃপক্ষই ডিপো চালাবে।

প্রতিবেদনে বলা হয়, বিদেশ থেকে আনা ১৮ জন ক্রেন অপারেটরের জনবল সরবরাহের কাজ দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা। বিএনপি-নেতৃত্বাধীন জোট সরকারের সময় (২০০১–০৬) আকবর হোসেন নৌপরিবহনমন্ত্রী থাকাকালে তারা বন্দর খাতে ঢোকে। ২০০৭ সালের দিক থেকে বার্থ ও টার্মিনাল পরিচালনায় যুক্ত হয়ে ধাপে ধাপে চারটি স্থাপনার চুক্তি পায়।

শীর্ষ সময়ে চট্টগ্রাম বন্দরের প্রায় তিন-চতুর্থাংশ কার্যক্রম প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে বা প্রভাবে ছিল বলে টাইমস অফ বাংলাদেশ উল্লেখ করেছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বার্ষিক আয় ছিল সর্বোচ্চ ৩০০ কোটি টাকা। এনসিটি ও সিসিটিতে কর্মী ছিলেন প্রায় ২ হাজার ৫০০ জন, যা প্রতিষ্ঠানটির নিজেরই দেওয়া তথ্য।

বন্দর খাতের অংশীজনদের একাংশ দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছিলেন, এত দ্রুত উত্থানের পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততা ছিল কি না। সমালোচকদের দাবি, সিসিটি, এনসিটি ও কমলাপুরের দরপত্রের কিছু শর্ত প্রতিযোগীদের তুলনায় সাইফ পাওয়ারটেকের পক্ষে গিয়েছিল।

প্রতিষ্ঠানটি এসব অভিযোগ বরাবর অস্বীকার করেছে। ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন আগে বলেছিলেন, তাঁরা কোনো দল বা সরকারের ওপর নির্ভর করে চলেন না। তাঁর ভাষায়, “ব্যবসায়ীরা রাজনীতি করেন না।” টার্মিনালের দায়িত্ব হারানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি টাইমস অফ বাংলাদেশকে জানান, কেন এমন হচ্ছে তা তাঁর জানা নেই এবং তিনি বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করেন না।

আবুধাবিভিত্তিক এডি পোর্টস গ্রুপের সঙ্গে মিলে আন্তর্জাতিক শিপিং ও লজিস্টিকসে ঢোকার পরিকল্পনাও প্রতিষ্ঠানটির ছিল। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সাইফ পাওয়ারটেকের পুরোপুরি মালিকানাধীন সাইফ মেরিটাইম এলএলসি এডি পোর্টসের অঙ্গপ্রতিষ্ঠান সাফিন ফিডার্সের সঙ্গে ১৫ বছরের চুক্তি করে। পরিকল্পনা ছিল, দুবাই-বাংলাদেশ রুটে তিনটি ফিডার জাহাজে মাসে ১০ হাজার কনটেইনার আনা-নেওয়া হবে এবং প্রতি কনটেইনারে ১৫০ থেকে ২০০ ডলার খরচ কমবে। ২০২২ সালের ডিসেম্বরে সেবা শুরুর কথা থাকলেও তা আর চালু হয়নি।

২০২৪ সালের মে মাসে বে-টার্মিনাল প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এডি পোর্টসের মধ্যে একটি অ-বাধ্যতামূলক সমঝোতা স্মারক হয়, যেখানে সাইফ পাওয়ারটেক ছিল গ্রুপটির স্থানীয় প্রতিনিধি। একই বছরের জুনে তিন বন্দরে ডিপো ও লজিস্টিকস সুবিধা গড়তে আলাদা একটি স্মারকও সই হয়। বন্দর কর্তৃপক্ষের সূত্র বলছে, প্রথম স্মারকের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ওই উদ্যোগে আর বিনিয়োগের সুযোগ নেই।

নাম প্রকাশ না করে সাইফ মেরিটাইমের এক সাবেক কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, জাহাজ কেনা ও চালানোর পরিকল্পনা বাস্তবে রূপ পায়নি। তাঁর মূল্যায়ন, আন্তর্জাতিক পরিসরে শক্ত ভিত্তি থাকলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের ধাক্কা সামলানো সহজ হতো।

২০১৪ সালে তালিকাভুক্তির পর সাইফ পাওয়ারটেকের শেয়ারের দর একসময় ১০০ টাকায় উঠেছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে তা ৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

টাইমস অফ বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনের পর প্রতিষ্ঠানটি কোনো আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেনি।