পাকিস্তানে গিয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার: আনন্দবাজার

একাত্তরে ভারত সাহায্য করেনি বলে মন্তব্য; হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বললেন

পাকিস্তানে গিয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার: আনন্দবাজার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পাকিস্তান সফরে গিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছে।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে দিল্লির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আনন্দবাজার।

আনন্দবাজার জানায়, স্পিকার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেছেন। সফরের সময় তিনি পাকিস্তানের পার্লামেন্টও ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের সামনে মন্তব্যগুলো করেন বলে বিবিসি উর্দুর প্রতিবেদনের বরাতে লিখেছে পত্রিকাটি।

বিবিসি উর্দুর বরাতে আনন্দবাজার স্পিকারের বক্তব্য উদ্ধৃত করেছে: “১৯৭১ সালে ভারত বাঙালিদের (বাংলাদেশকে) সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল।”

আনন্দবাজার আরও লিখেছে, স্পিকার বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছে এবং এটি সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগের।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানকেও সমর্থন করেছেন। তাঁর ভাষ্য: “রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।”

আনন্দবাজার মনে করিয়ে দিয়েছে, ভারত বারবার বলেছে, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ এবং এটি অভ্যন্তরীণ বিষয়।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানিয়েছেন স্পিকার। হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “শুধু নিজের কর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা করেছেন। আগামী ১০ বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন না।”

আনন্দবাজার জানায়, ফিরতে চাইলেও হাসিনাকে পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ; ঢাকা তাঁকে প্রত্যর্পণ চায়। ভারত বলেছে, স্বেচ্ছায় দেশে ফেরা আর প্রত্যর্পণ সম্পূর্ণ আলাদা বিষয়।

গত বুধবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন। তিনি আরও জানান, অনুরোধের আইনি দিকগুলো বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দাবি করেন, দিল্লি-ঢাকা সম্পর্কে হাসিনা একটি “সমস্যা” এবং ভারতও তা বুঝতে পারছে।

আনন্দবাজার তার প্রতিবেদনে ঐতিহাসিক নথির উল্লেখ করে লিখেছে, গণহত্যার মুখে প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেন। ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেয় এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন। ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর ভারত সরাসরি যুদ্ধে যোগ দেয়। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।

আনন্দবাজারের তথ্য অনুযায়ী, হাফিজউদ্দিন আহমদ একসময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, পরে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বীরত্বের জন্য সামরিক সম্মান পান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা