খুলনায় ‌‘বন্দুকযুদ্ধ’, যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ধানিবুনিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে নিহত যুবকের নাম বিকাশ। এ ঘটনায় নিজেদের তিন সদস্য আহত হয়েছেন ও ঘটনাস্থল থেকে দুটি পিস্তল জব্দ করা হয়েছে বলেও দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ দাবি করেন, রাতে আমাদের একটি টহল দল ধানিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে ৫ থেকে ৬ জনের একটি গ্রুপ র‌্যাব সদস্যদের ওপর গুলি বর্ষণ শুরু করে। সতর্ক অবস্থান নিয়ে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয়রা ওই যুবকের নাম বিকাশ (৪০) বলে জানিয়েছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি পিস্তল জব্দ করেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখেছি। এরপর ডুমুরিয়া হাসপাতালে গিয়ে জানতে পারি গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button