মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি শ্রম আদালত।

বুধবার শ্রম আদালতে উপস্থিত হয়ে সমনের জবাব দেওয়ার দিন ধার্য থাকলেও এদিন আদালতে যাননি ড. ইউনূস। ফলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে বলেন, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি, তিনি ব্যবসার কাজে বিদেশে অবস্থান করছেন, দেশে এলে আদালতে উপস্থিত হবেন। ‘‘যদিও তিনি বিদেশে থাকায় আমাকে পাওয়ার দেননি তবুও আপনার কাছে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার অনুরোধ করছি।”

মামলার বাদী প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘‘প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত হওয়ায় আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করি। তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”

গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিনকর্মী। আদালত তাঁদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা এবং উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বাংলাদেশে ক্ষুদ্র ঋণের উদ্ভাবক ড. মুহাম্মদ ইউনুস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০০৬ সালে শান্তিতে নোবেল দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button