নদীর তীরে প্লট-ফ্ল্যাট কেনায় সতর্কতা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নদীর তীরে গড়ে ওঠা হাউজিং প্রতিষ্ঠান থেকে প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সতর্ক করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদীতীরের অবৈধ স্থাপনা অপসারণ কাজ পরিচালিত হচ্ছে।

এতে আরো বলা হয়, অবৈধ স্থাপনা অপসারণ কাজ পরিচালনার সময় লক্ষ্য করা গেছে বহু বেসরকারি হাউজিং সোসাইটি নদীর জায়গা দখল করে লিজগ্রহীতাদের প্রতারিত করে প্লট কিংবা ফ্ল্যাট বরাদ্দ করেছেন। এসব অপসারণ করার ফলে প্লটগ্রহীতারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বালু নদীর সীমানা থেকে ১৭ হাজার ৯০১টি ছোটবড় অবৈধ স্থাপনা অপসারণ করেছে। এ পর্যন্ত প্রায় ৬৬৯ দশমিক ১৮ একর নদীর ভূমি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নদীতীরবর্তী এ ধরনের হাউজিং প্রতিষ্ঠান থেকে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button