স্বেচ্ছাসেবক লীগের পঙ্কজ দেবনাথ ওএসডি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাসিনো অভিযানে বিতর্কিত হওয়ায় সংগঠনটির সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতির একদিন পরেই এ সিদ্ধান্তের কথা জানা গেল।

আওয়ামী লীগের এক সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে দলীয় সভাপতি আগামী সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দলীয় সভাপতির এই নির্দেশ এরই মধ্যে পঙ্কজ দেবনাথকে জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’

তবে আরেকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের কথা পঙ্কজ দেবনাথকে টেলিফোনে ওএসডি থাকার বার্তা জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিষয়টি জানতে পঙ্কজ দেবনাথকে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পঙ্কজ দেবনাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন এ পর্যন্ত হয়েছে দুইবার। ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পঙ্কজ দেবনাথ। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সম্মেলনে প্রথমবারের মতো সভাপতি হয়েছিলেন মোল্লা আবু কাওসার।

সংগঠনটির তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে। মোল্লা কাওসার ও পঙ্কজ দেবনাথকে ছাড়া সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনের অন্য নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button