বাগদাদ থেকে পালাচ্ছে মার্কিনিরা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জেনারেল প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পর শুক্রবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরিভিত্তিতে ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছিল মার্কিন দূতাবাস। সেই ঘোষণার পর এবার ধীরে ধীরে বাগদাদ ছাড়তে শুরু করেছে তারা।
দক্ষিণ ইরাকের তেলের শহর বসরায় অবস্থিত তেল কোম্পানিগুলোতে কর্মরত মার্কিন নাগরিকরা ইরাক ছাড়তে শুরু করেন। ইরাকের তেল মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ইরাকি কর্মকর্তারা বলছেন, তেল উৎপাদন, রপ্তানিসহ অন্য কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না। বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনে (ওপিইসি) দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরাক। সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৪ দশমিক ৬২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে দেশটি।
তেল কোম্পানি সূত্রে রয়টার্স জানায়, বিদেশি অনেক কর্মকর্তাই ইরাক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে বসরা এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের বেশ কয়েকজন নাগরিককে লক্ষ করা গেছে। ফ্লাই দুবাই এয়ারলাইন ও কাতার এয়ারওয়েসে চেক ইন করতে দেখা গেছে তাদের। তবে পরিস্থিতি শান্ত ছিল।
কর্মকর্তারা দেশ ছাড়ছেন কি-না এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় মার্কিন জ্বালানি গ্রুপ এক্সন মোবিল। তারা বলেন, উৎপাদন ‘স্বাভাবিক’ গতিতেই চলছে। ইরান সীমান্ত ঘেঁষে দক্ষিণ ইরাকের এক্সন মোবিলের ‘ওয়েস্ট কুরনা ১’ এর এক মুখপাত্র জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।



