গাজীপুরের সুখ-দুঃখ ৮: মাদকে ভাসছে গাজীপুর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : হাত বাড়ালেই গাজীপুরে পাওয়া যাচ্ছে ইয়াবা ও ফেনসিডিল। জেলা ও মহানগরীসহ ১২ থানার অর্ধশত পয়েন্টে মাদকের সেবন ও বিকিকিনি চলছে। এক শ্রেণির তরুণ-তরুণী মাদকের নিয়মিত ক্রেতা। শহর ও গ্রাম্য জনপদ পর্যন্ত বিস্তার ঘটেছে এই মাদকের। আর অর্ধশত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এ কারবার।

সরেজমিন গাজীপুর জেলা ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে মহানগরীর প্রতিটি থানায় পুলিশের সহযোগিতা পাওয়ার আশায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। অথচ গাজীপুর থেকে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না মাদকের কারবার।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, মহানগরের টঙ্গী অঞ্চলের বিকিকিনির পয়েন্টের মধ্যে রয়েছে এরশাদনগর, মাজার বস্তি, কেরানীরটেক বস্তি, মিলগেট, আমতলীসহ ১৯টি বস্তি। এ ছাড়া পূবাইল, মিরের বাজার, বসুগাঁও ও কালিগঞ্জ উপজেলা শহরের প্রায় শাখা সড়কগুলোতেও প্রকাশ্যে পাওয়া যাচ্ছে ইয়াবা, দেশি-বিদেশি মদ, হেরোইন ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য। রেল স্টেশনগুলোতে পুলিশের তেমন তৎপরতা না থাকায় প্রত্যেকটি স্টেশনই হয়ে উঠেছে মাদক বিকিকিনির কেন্দ্রবিন্দু। এসব জায়গায় মাদক ব্যবসা এখন ওপেন সিক্রেট।

এ ছাড়াও গাজীপুর মহানগরের ভোগড়া, নাওজোড়, কোনাবাড়ী আর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যান, মির্জাপুর বাজার, মনিপুরসহ প্রত্যন্ত অঞ্চলে মাদক বেচা বিক্রি চলছে অবাধে। জানা গেছে, টঙ্গী, পূবাইল ও জয়দেবপুর রেলস্টেশন মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুট।

অনুসন্ধানে জানা গেছে, এসব পয়েন্টে প্রশাসনিক অভিযান চালানোর আগেই রহস্যজনকভাবে খবর চলে যায় মাদক সিন্ডিকেটের কাছে। ফলে মাদক চালানকারীরা সময়মতো আউটার সিগন্যালে নেমে সটকে পড়ে। একইভাবে বিকিকিনির পয়েন্টগুলোতেও ত্বরিত সব খবর পৌঁছে যায়। যে কারণে প্রশাসনিক অভিযানগুলো বারবারই ব্যর্থ হচ্ছে।

জানা গেছে, কারবারিরা টঙ্গীর বনমালা, পূবাইলের নিমতলীসহ বিভিন্ন স্থানে ট্রেন থামিয়ে বড় বড় চালান নামায়। পরে তারা বিভিন্ন পাড়া, মহল্লা ও বস্তিতে তা ছড়িয়ে দেয়।

এসব ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হুমায়ুন কবির বলেন, মাদক সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হয়। তবে নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময়ই অভিযানে সফলতা আনা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশও তৎপর রয়েছে। তিনি দাবি করেন, অচিরেই জেলা থেকে মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক আমদানি এবং মজুদকারীদের ধরে আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

আরো জানতে…..

গাজীপুরের সুখ-দুঃখ-৭: গাজীপুরে ৪০ হাজার অবৈধ ইজিবাইক

গাজীপুরের সুখ-দুঃখ-৬: জনদুর্ভোগ ও বিড়ম্বনার ২৫০ কিলোমিটার সড়ক

গাজীপুরের সুখ-দুঃখ-৫: লাখো মানুষের দাবি একটি ওভারপাস

গাজীপুরের সুখ-দুঃখ-৪: ভোগান্তির শেষ নেই জয়দেবপুর রেল জংশনে

গাজীপুরের সুখ-দুঃখ-৩: ময়লার শহর গাজীপুর

গাজীপুরের সুখ-দুঃখ ২: জিএমপি’র ৪০ লাখ বাসিন্দার সেবায় ১১৫০ পুলিশ

গাজীপুরের সুখ-দুঃখ ১: ভয়াবহ যানজটে স্থবির টঙ্গী-গাজীপুর

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button