গাজীপুরের সুখ-দুঃখ-৬: জনদুর্ভোগ ও বিড়ম্বনার ২৫০ কিলোমিটার সড়ক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলায় অভ্যন্তরীণ ও আন্তজেলার সংযোগকারী প্রায় ২৫০ কিলোমিটার সড়ক খানাখন্দ ও চলাচলের অনুপযোগী। ফলে এ জেলার প্রায় ৪০ লাখ বাসিন্দা এসব সড়কে চলাচল করায় প্রতিদিন দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে গাজীপুর জেলা গেটওয়ে হিসেবে বিবেচিত। এ জেলার আয়তন ১৮০০.৪৭ বর্গকিলোমিটার। মোট পাকা রাস্তা ১৪৯৫ কিলোমিটার আর সেমিপাকা ৩৯১ কিলোমিটার। কাঁচা রাস্তা রয়েছে ৩২২১ কিলোমিটার।
জেলার সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কগুলো দেখভালের দায়িত্ব পালন করছে গাজীপুর সড়ক বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। গাজীপুর সড়ক বিভাগের অধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক এ তিন শ্রেণির ৪১২ কিলোমিটার সড়ক রয়েছে।
তিন শ্রেণির মহাসড়কের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ইতিমধ্যে চার লেনে উন্নতীকরণের কাজ শেষ হয়েছে।
এ ছাড়া জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে মহাসড়ক উন্নয়ন কাজ প্রায় সমাপ্তির পর্যায়ে রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আগামী বছর ১৭ মার্চ এ সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে।
এ ছাড়া জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা (ঢাকা বাইপাস) মহাসড়কটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিসিসি) আওতায় এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রয়োজনে ২৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল বারেক জানান, দেশের এলজিইডি টাইপ ডিজাইন অনুযায়ী যেসব রাস্তা তৈরি হয় সেই একই আদলে গাজীপুরের রাস্তা এত দিন তৈরি করা হয়েছে। গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানের রাস্তাগুলোয় সব সময় ভারি যানবাহন চলাচল করে। এসব কারণে অনেক রাস্তা অল্প সময়ে নষ্ট হয়ে যায়। সে জন্য গাজীপুরের মন্ত্রী-এমপিদের সিদ্ধান্ত মোতাবেক শুধু গাজীপুর জেলার জন্য ‘গাজীপুর প্রকল্প’ নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ স্পেশাল ডিজাইনের প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩ হাজার কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যা এক মাস আগে ডিপিপিটি মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগের অধীন আঞ্চলিক মহাসড়কের মধ্যে সালনা-রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক মহাসড়কটির কাজ শুরু হয় ২০১৮ সালে। ৪২ কিলোমিটার দীর্ঘ সড়কটি ২২৪ কোটি টাকা ব্যয়ে ১৮ থেকে ২৪ ফুট প্রশস্ত এ সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২০ সালের জুন মাসে।
সড়ক বিভাগ জানায়, এ রাস্তার প্রশস্তকরণ কাজ প্রায় শেষ। মজবুতীকরণ কাজ ২০ কিলোমিটার শেষ। সার্ফেসিং কাজ শেষ হয়েছে ১০ কিলোমিটার রাস্তার।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম অভিযোগ করে বলেন, এ সড়কের পিচঢালাই কাজ শেষ না হওয়ায় চলাচলকারী যাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যানবাহন নিজস্ব গতিতে চলতে পারছে না। মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথচারীরা।
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন জানান, স্থানীয় জনগণের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে ২৫ কিলোমিটার দীর্ঘ কাপাসিয়া-পাবুর-ফুলদী সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্ত করে জেলা মহাসড়কে উন্নীতকরণের জন্য ডিজাইনের কাজ চলমান রয়েছে।
এ ছাড়া গাজীপুর শহরের শিববাড়ী-শিমুলতলী (অর্ডিন্যান্স ফ্যাক্টরি) পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যরে শহীদ জামান সড়কটি চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে ইতিমধ্যে ডিজাইনের কাজ শেষ হয়েছে। এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে।
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, গাজীপুর সড়ক বিভাগ সমস্যা সমাধানে কাজ করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, গাজীপুরে এলজিইডি আওতাভুক্ত মোট রাস্তা ৫ হাজার ২০০ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা ১ হাজার ৬৫০ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৩ হাজার ৫৫০ কিলোমিটার। গত বর্ষা মৌসুমে জেলার কমপক্ষে ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে বিভিন্ন স্থানে বিটুমিন নষ্ট হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
সরেজমিন দেখা গেছে, গাজীপুর সদর উপজেলার ১০ কিলোমিটার দীর্ঘ মির্জাপুর ভবানীপুর সড়ক, মির্জাপুর-আঙ্গুটিয়াচালা সড়কের ৫০০ মিটার, হাড়িনাল-পূবাইল সড়কের দুই কিলোমিটার, কালীগঞ্জ উপজেলার জামালপুর-ফুলদি বাজার পর্যন্ত তিন কিলোমিটার, মাওরাইদ-মোক্তারপুর সড়কের ৪ কিলোমিটার, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ অফিস-বাড়ৈপাড়া সড়কের দুই কিলোমিটার, মৌচাক-ফুলবাড়িয়া সড়কের ৭৫০ মিটার, শ্রীপুর উপজেলার মাওনা-গাজীপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার, গাজীপুর-ফুলবাড়িয়া বাজারের আড়াই কিলোমিটার, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবন-ফাওগান কালীঘাট সড়কের ৪ কিলোমিটার, টেংরা-বলদিঘাট সড়কের ৬ কিলোমিটার, কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার-বরমী সড়কের ৮ কিলোমিটার, কাপাসিয়া-কালীগঞ্জ-ঘাটকুড়ী রাস্তার দেড় কিলোমিটার, কামারগাঁও বাজার-বারিষাব বাজার সাড়ে ৪ কিলোমিটার, গাজীপুর জিসি-লাখপুর আড়ালিয়া চার দশমিক ৮০ কিলোমিটার, গিয়াসপুর জিসি-আড়াল জিসি পর্যন্ত চার দশমিক ১৬০ কিলোমিটার পাকা রাস্তাসহ বেশ কিছু রাস্তায় যান চলাচলে সমস্যা হচ্ছে।
আরো জানতে…..
গাজীপুরের সুখ-দুঃখ-৫: লাখো মানুষের দাবি একটি ওভারপাস
গাজীপুরের সুখ-দুঃখ-৪: ভোগান্তির শেষ নেই জয়দেবপুর রেল জংশনে
গাজীপুরের সুখ-দুঃখ-৩: ময়লার শহর গাজীপুর
গাজীপুরের সুখ-দুঃখ ২: জিএমপি’র ৪০ লাখ বাসিন্দার সেবায় ১১৫০ পুলিশ
গাজীপুরের সুখ-দুঃখ ১: ভয়াবহ যানজটে স্থবির টঙ্গী-গাজীপুর
সূত্র: বাংলাদেশ প্রতিদিন



