মন্ত্রীত্ব ছেড়ে কেন্দ্রীয় কমিটিতে থাকতে মরিয়া যারা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ৭টি পদ খালি রয়েছে। এই পদগুলো পাওয়ার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের মন্ত্রীরা।
প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী ৮ জানুয়ারি মন্ত্রিসভার রদবদল হচ্ছে। এই রদবদলের সাথে সাথেই কেন্দ্রীয় কমিটির বাকি ৭টি পদ পূরণ করা হবে। গত ২০ এবং ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়, অধিবেশনের দিনই অধিকাংশ এব তার পরবর্তীতে আরো কয়েকটি কেন্দ্রীয় পদ ঘোষণা করা হয়। একাধিক মন্ত্রীকে এবার কেন্দ্রীয় কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক টিপু মুনশি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কয়েকজন।
কেন্দ্রীয় কমিটিতে যে ৭টি পদ খালি রয়েছে তার মধ্যে রয়েছে সাংগঠনিক সম্পাদক ১টি, কোষাধ্যাক্ষ, বাণিজ্য বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক এবং ৩ টি সদস্য পদ। সাংগঠনিক সম্পাদকের ১ টি পদের জন্য সাবেক ৩ সাংগঠনিক সম্পাদকই চেষ্টা করে যাচ্ছেন। এই সাবেক ৩ সম্পাদকের মধ্যে যারা মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে আছেন খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম এবং নওফেল। এরা তিনজনই এই পদ পেতে আগ্রহী। এদের মধ্যে অন্তত দুইজন প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত বলে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে।
কোষাধ্যক্ষ পদে ছিলেন আশিকুর রহমান। তিনি বর্তমানে অসুস্থ। এই পদের জন্য আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা আগ্রহী বলে জানা গেছে। বর্তমান অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী- দুইজনই এই পদের জন্য আগ্রহী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
শিল্প-বাণিজ্য সম্পাদক পদের জন্য আওয়ামী লীগের একাধিক শিল্পপতি এবং ব্যবসায়ী আগ্রহী বলে জানা গেছে।
ধর্ম বিষয়ক সম্পাদক পদটি ধরে রাখার জন্য বর্তমান ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ চেষ্টা করে যাচ্ছেন।
আর সদস্য পদগুলোর ক্ষেত্রে যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং বর্তমান কমিটিতে নেই, তাদেরকে অগ্রগতি করার চিন্তাভাবনা চলছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার রদবদলের সাথে সমন্বয় করে এই পদগুলো পূরণ করতে চান। আগামী ৮ জানুয়ারি মন্ত্রিসভার রদবদলের পরপরই এই শূন্য পদগুলো পূরণ হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সূত্র: বাংলা ইনসাইডার



