আতিকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে রোববার (১৯ জানুয়ারি) রাতে নির্দেশনাটি পাঠিয়েছে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লংঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’
তাবিথ আউয়াল তার আবেদনে কমিশনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন।
নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরুর আগেই বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের কারণে শোকজ করেছিল রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



