‘একশ কোটি টাকার শিক্ষা বৃত্তি’ প্রকল্প হাতে নিয়েছে মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের’ চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গাজীপুর মহানগরের শিক্ষার্থীদের জন্য একশ কোটি টাকার শিক্ষা বৃত্তির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া তাদের উচ্চতর শিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের বিদেশে পাঠাতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহানগরীতে শতভাগ শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ’উচ্চতর শিক্ষা বৃত্তি-২০২০’ প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে দেশের ১৪ হাজার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, একমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে বর্তমান বিশ্বে টিকে থাকতে হবে। গলাবাজি বা পেশীশক্তি দিয়ে কেউ এ পৃথিবীতে টিকে থাকতে বা প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গিয়াস উদ্দিন মিয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। এরপর ১১ বছর আগে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ২৬ হাজার ১৯২ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমাদের সন্তানদের শুধুমাত্র ভাল ছাত্রছাত্রী হলেই হবে না। নিজেকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ পড়ুয়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ হাজার হতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে।

সন্ধ্যায় একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ভারতের সংগীত শিল্পী সনু নিগমসহ দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button