চীনে মৃত ২১৩, সারাবিশ্বে জরুরি অবস্থা ঘোষণা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২১৩ জন এবং আক্রান্তের হয়েছেন ৯ হাজারের অধিক। এছাড়াও ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এমতাবস্থায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার এক জরুরি বৈঠকের পর এমন ঘোষণা দেয় এই সংস্থাটি। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।
জরুরি অবস্থা ঘোষণার কারণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং এটি এখন শুধু চীনের উদ্বেগের বিষয় নয় বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাটির প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণার পেছনে মূল কারণ চীনে যা ঘটছে তা নয় বরং অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়ছে, এটা আশঙ্কার।’ উদ্বেগের বিষয় হচ্ছে যেসব দেশের স্বাস্থ্য সেবা ততটা উন্নত নয় সেসব দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়া।
এছাড়াও চীনের বাহিরে ১৮টি দেশে ৯৮জনের শরীরের এমন ভাইরাস পাওয়া গেছে। এদের বেশির ভাগই চীনের উহান রাজ্য থেকে আসা। তবে চীনের বাইরে এখনো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে ৩১ জানুয়ারি, শুক্রবার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত আলজাজিরা জানিয়েছে, চীনে এক সপ্তাহে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১৩ দাঁড়িয়েছে। এছাড়াও ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২।



