রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, হানিফ মিয়া ডাকাত দলের সদস‌্য। হানিফের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তার বাবার নাম বিদ‌্যা মিয়া।

শনিবার মধ‌্যরাতে শেরে বাংলা নগরে এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাব জানায়, একদল ডাকাত সদস‌্য শেরে বাংলা নগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস‌্যরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি করে। এতে হানিফ মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন‌্য ঢামেক মর্গে রাখা হয়েছে।