বাংলাদেশে করোনার প্রকৃত চিত্র কি উঠে আসছে?

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত না হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত চিত্র উঠে আসছে না। এজন্য পরীক্ষার আওতা বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও।

বাংলাদেশে পরপর দুইদিন করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাদের রোববারের নিয়মিত ব্রিফিং-এ জানিয়েছে, ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। তার আগের ২৪ ঘন্টায়ও কেউ আক্রান্ত হিসেবে চিহ্নিত হননি। এর আগে ২৫ মার্চের পূর্ববর্তী ৪৮ ঘন্টায়ও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

রোববারের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত হয়ে বলেন, ‘‘নতুন করে রোগী শনাক্ত হয়নি এটা খুবই আনন্দের সংবাদ। যখন চীনে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ঘটে, তখন থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি বিধায় বাংলাদেশ ভালো আছে৷ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি। পৃথিবীর সঙ্গে তুলনা করলে বাংলাদেশ ভালো আছে।’’

আইইডিসিআরের হটলাইনে করোনা নিয়ে গত ২৪ ঘন্টায় কল এসেছে দুই হাজার ৭২৬টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ১০৯টি। সব মিলিয়ে ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পরীক্ষার আওতায় এসেছেন এক হাজার ১৮৫ জন।

প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী মনে করেন, রোগী শনাক্ত না হওয়ায় সরকারের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। কারণ করোনার যে পরীক্ষা করা হচ্ছে তা সীমিত। বিস্তৃতভাবে করা হলেই আসল অবস্থা বোঝা যেতে পারে।

বর্তমানে কোয়ারান্টিনে বা ঘরে আলাদা রয়েছেন ২৮ হাজার ৪৮৩ জন৷ আইসোলেশন বা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ৪৭ জনকে। এমন সব তথ্যের প্রেক্ষিতে ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘কোয়ারান্টিনে এবং আইসোলেশনে অনেক লোককে রাখা হয়েছে। তার বিপরীতে করোনার এক হাজারের কিছু বেশি নমুনা টেস্ট করা হয়েছে। ইটালি, ফ্রান্স, স্পেন এইসব দেশ থেকে যারা এসেছের তাদের অনেকেরই টেস্ট হয়নি। ফলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা কম। কিন্তু অচিরেই দেখা যাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’’

বাংলাদেশে করোনা কোয়ারান্টিনে থাকা কয়েকজন মারা গেছেন যাদের নমুনা পরীক্ষা হয়নি। আবার লক্ষণ নিয়ে মারা যাওয়ার পরও নমুনা পরীক্ষা না করার ঘটনা ঘটছে।

নাম প্রকাশ করার না শর্তে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘‘এখন যে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে তাতে আক্রান্ত হওয়ার পাঁচ দিনের মধ্যে পরীক্ষা না করলে রেজাল্ট নেগিটিভ (সংক্রমণ নেই) আসতে পারে। তার জন্য আরো উন্নত টেস্টের দরকার, যা বাংলাদেশে নেই৷ আর প্রয়োজনীয় টেস্টও হচ্ছে না। ফলে বাংলাদেশে এখন করোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা বলা যাচ্ছে না। সন্দেহজনক সবাইকে যদি টেস্টের আওতায় আনা যেত তাহলে প্রকৃত পরিস্থিতি বোঝা যেত।’’

প্রতিবেশী দেশ ভারতেও দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণের পর থেকে করোনার প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের অনেক দেশ।

কিন্ত বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা কম কেন এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘‘সাধারণ ছুটিসহ নানা রকম ব্যবস্থা নেয়া হচ্ছে। তাপমাত্রা বাড়ছে, হিউমিডিটি হচ্ছে এ সবের কারণে হয়তো আক্রান্তের সংখ্যা কম। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আমাদের আরো কয়েকদিন দেখতে হবে।’’

তিনি বলেন, ‘‘টেস্ট কম করাও রোগী কম হওয়ার কারণ কিনা তাও আমরা দেখবো। এজন্য টেস্ট বাড়ানোর উদ্যোগ নিচ্ছি।’’

শনিবার জাতিসংঘ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা বাংলাদেশের সরকারসহ বিভিন্ন পক্ষকে সাথে নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করছে। কার্যকর ব্যবস্থা নেয়া না হলে মহামারি পরিস্থিতির কতটা বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে সেসব চিত্রও তারা বিশ্লেষণ করেছে

তবে ডা. আবুল কালাম আজাদ মনে করেন বাংলাদেশ এরইমধ্যে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। যার কারণে সেই পরিস্থিতিতে পড়তে হবে না।

তবে ডা. লেলিন চৌধুরী মনে করেন, ‘‘বাংলাদেশে এরইমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে কেউ কেউ চিকিৎসকের কাছে যাচ্ছেন না। আবার হাসপাতালগুলোও করোনার লক্ষণ দেখলে রোগী ভর্তি নিচ্ছে না। অনেক লোক ঢাকা থেকে গ্রামে গেছে। যারা মনিটিরিং এর আওতায় নেই।’’

 

 

সূত্র: ডয়চে ভেলে