কালিয়াকৈরে মন্ত্রীর গানম্যান কিশোরের গুলিতে আহত অপর যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে মন্ত্রীর গানম্যান কিশোর কুমারের গুলিতে আহত অপর যুবক মহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামন খান মহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মহিম (৩২) টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গানম্যান ঘাতক কিশোর এবং টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আজগানা গ্রামের মো. শহিদ ও মহিম পরস্পর বন্ধু ছিলেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে গানম্যান কিশোর কালিয়াকৈরে উপজেলার কুতুবদিয়া এলাকায় তার ওই দুই বন্ধুকে ডেকে এনে গুলি করেন।

গুলিতে ঘটনাস্থলেই মো. শহিদের মৃত্যু হয় এবং মাহিম গুরুতর আহত হন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এতোদিন তার চিকিৎসা চলছিল।

এদিকে, ঘটনার পরদিন শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ঘাতক কিশোর কুমারকে গ্রেপ্তার করে। পরে কিশোরকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

এ সংক্রান্ত আরো জানতে…………..

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ‘গানম্যান’ পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার

কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ‘গানম্যানের’ গুলিতে যুবক নিহত