শ্রীপুরে চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও দুই পরিদর্শককে প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ইন্দোনেশিয়ান নাগরিক এক নারী ও তার তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর মডেল থানার দুই পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার রাতে এক আদেশে তাদেরকে প্রত্যাহার করে গাজীপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি-অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম বলেন, তিন পুলিশ কর্মকর্তাকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার সোহেল রানা, পরিদর্শক (অপারেশন) মো: তারিকুজ্জামান এবং চাঞ্চল্যকর মা ও তিন সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শ্রীপুরের আবদার এলাকার চাঞ্চল্যকর মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা।

তিনি আরো বলেন, শ্রীপুর মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কালিয়াকৈর থানায় কর্মরত পরিদর্শক মনিরুজ্জামান খানকে এবং পরিদর্শক (অপারেশন) হিসেবে কালীগঞ্জ থানায় কর্মরত পরিদর্শক গোলাম সরোয়ারকে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শ্রীপুরের আবদার এলাকার একটি বাড়ি থেকে ইন্দোনেশিয়ার নাগরিক মা স্মৃতি ফাতেমা, দুই মেয়ে ও এক ছেলের গলা কেটে হত্যার পর মরদেহ উদ্ধার করে পুলিশ। ২২ এপ্রিল (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করে। নিহতরা হলেন আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)। এ ঘটনায় কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে রবিবার (২৬এপ্রিল) দিবাগত রাতে হত্যার ঘটনায় জড়িত একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে কিশোর পারভেজকে (১৭) গ্রেপ্তার করে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

মোবাইল চুরি করতে গিয়ে ইন্দোনেশীয় নারী ও তিন সন্তানকে একাই গলা কেটে হত্যা করে পারভেজ!

শ্রীপুরে ইন্দোনেশীয় নারী ও তিন সন্তানকে হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই

শ্রীপুরে ইন্দোনেশিয়ার এক নারীসহ চারজনকে গলা কেটে হত্যা