কাপাসিয়ায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় ট্রাকের ধাক্কায় আছিয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকাল আটটার দিকে কাপাসিয়া-গোসিংগা সড়কের দস্যু নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন দস্যু নারায়নপুর এলাকার সোলায়মানের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল আলম বাদল বলেন, নিহত আছিয়া খাতুন সকালে তার মেয়ে ও নাতনিকে নিয়ে মেয়ের শশুরবাড়ি কাপাসিয়ার জুনিয়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে অটো-রিক্সায় যাওয়ার পথে দস্যু নারায়নপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহন করা অটো-রিক্সায় ধাক্কা দেয়। এতে অটো-রিক্সা থেকে পরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আছিয়া খাতুনের মৃত্যু হয়। তবে তার মেয়ে ও নাতনি দু’জনেই এবং রিক্সা চালক সুস্থ আছে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সকাল আটটার দিকে দস্যু নারায়নপুর থেকে অটো-রিক্সাযোগে কাপাসিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো-রিক্সায় ধাক্কা দেয়। এতে রিক্সারযাত্রী আছিয়া খাতুন পড়ে যায়। পরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই মেহেদী।