২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ১২৬ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৯৫৮

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মঙ্গলবার জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের কাছাকাছি ছিল। বুধবার ফের একটা লাফে তা ৪৯ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৬৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ৭০ শতাংশ রোগীই কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন।

নতুন করে আক্রান্ত যেমন বাড়ছে, তেমনই সারা দেশেই করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে উল্লেখজনক ভাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইতিমধ্যেই ১৪ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠছেন।

সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১৫ হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬১৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮১৯ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে করোনা আক্রান্ত ৬ হাজার ২৪৫ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮১ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত ৫ হাজার ১০৪ জন। ৬৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যার নিরিখে তামিলনাড়ু (৪,০৫৮), রাজস্থান (৩,১৫৮), মধ্যপ্রদেশ (৩,০৪৯), উত্তরপ্রদেশ (২,৮৮০), অন্ধ্রপ্রদেশ (১,৭১৭), পঞ্জাব (১,৪৫১), পশ্চিমবঙ্গ (১,৩৪৪) ও তেলঙ্গানা (১,০৯৬)। কেরলে ৫০২ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই ৪৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। সেখানে মৃত্যু হয়েছে ৪ জনের।