৯৯ দিনে ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত ১৭৮৩

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বুধবারও ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে ছিল। আর বৃহস্পতিবার ৫০ হাজারের গণ্ডি শুধু টপকানোই নয়, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়ল অনেকটাই। ভারত জুড়ে এখন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছুঁইছুই। ভারতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ধরা পড়েছিল ৩০ জানুয়ারি। তার ৯৯ দিনের মাথায় ৫০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ধরা পড়েছে আরও ৩,৫৬১ জনের শরীরে। এই নিয়ে ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। এ দিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা ১৭৮৩। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এর পর গুজরাতে মারা গিয়েছেন ৩৯৬ জন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৮৫।

যে সাড়ে তিন হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই মুম্বই, দিল্লি এবং আমদাবাদের। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৬,৭৫৮। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৩৩ জন। গুজরাতে আক্রান্ত ৬,৬২৫ জন। সে রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৩৮০ জন। এর পর আক্রান্তের সংখ্যার নিরিখে পর পর রয়েছে দিল্লি (৫,৫৩২), তামিলনাড়ু (৪,৮২৯), রাজস্থান (৩,৩১৭), মধ্যপ্রদেশ (৩,১৩৮), উত্তরপ্রদেশের (২,৯৯৮) মতো রাজ্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৬। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১১২ জনের। রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। ২৪ ঘণ্টায় মৃত ৪।

তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যেও একটাই আশার কথা, কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। ভারতে এই সংখ্যা এখন ১৫ হাজার ২৬৭। এ রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button