গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের ভাদার্ত্তী দক্ষিণপাড়া এলাকায় ‘শ্বাসকষ্ট’ নিয়ে মূসা মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।
নিহত মূসা মিয়া ভাদার্ত্তী দক্ষিণপাড়া এলাকার লেদু মুন্সীর ছেলে। তিনি স্থানীয় বাজারে মুদি-মনোহরী ব্যবসা করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত মূসা মিয়া দীর্ঘদিন ধরে হাঁপানি জনিত শ্বাসকষ্ট (সিওপিডি), জ্বর ও সর্দিতে ভুগছিলেন। গত ডিসেম্বরে তিনি হাসপাতাল থেকে যক্ষা রোগের চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, নিহত মূসা মিয়া কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে স্থানীয়রা দাবী করেছে। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত (শুক্রবার) চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের সদস্যসহ মোট ৯১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৬ জন নার্স, উপজেলা প্রশাসনের ৩ জন ও পুলিশের ৫ সদস্যসহ মোট ৬৭ জন ‘করোনা মুক্ত’ হয়েছেন।
আরো জানতে…………
কালীগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘শ্বাসকষ্টে’ বৃদ্ধের মৃত্যু