গাজীপুর কণ্ঠ ডেস্ক : সারা দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আরও ১০৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৭ হাজার ৮৩৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ৩৯২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৪১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৮৩ জন। সুস্থ হয়েছে ৬৪ জন।’
এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ১৬২ জন, মৃত্যু হয় ১৯ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৯৬৯ জন, মারা যায় ১১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।