গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদের ছুটিকে কেন্দ্র করে অন্তত একটানা ১৫ দিন কড়াকড়িভাবে শতভাগ লকডাউন কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেড মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৫ মে) নগরির বোর্ড বাজার কেন্দ্রেীয় জামে মসজিদের খতিব ও ঈমামদের মাঝে মাসিক সম্মানীর চেক বিতরণ অনুষ্ঠান শেষে মেয়র সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র বলেন, ঈদের আগে ও পরে ছুটিকালীন অন্তত ১৫ দিন লকডাউন যথাযথভাবে পালন হলে আমরা বুঝতে পারবো; করোনা ভাইরাসটির কোথায় কী অবস্থা।
গার্মেন্ট ও মার্কেট খুলে দেওয়ার পর থেকে করোনা পজেটিভ উদ্বেগজনকহারে বাড়ছে উল্লেখ করে মেয়র বিজিএমইএ নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের কিছু কারখানা চলছে আবার কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ কারখানার শ্রমিকরা দাবী আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমে আসছে। শ্রমিকরা রাস্তা অবরোধের কারণে জরুরী ওষধ ও খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে আন্দোলনের কারণে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ করে তাদেরকে বুঝিয়ে রাস্তায় নামা থেকে বিরত রাখার জন্য তৈরি পোশাক প্রস্তুতকারক সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ জানান মেয়র।
এর আগে মেয়র আলেমদের মাঝে চেক বিতরণপূর্ব বক্তৃতায় বলেন, দল মত নির্বিশেষে ক্ষুদার্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। সিটি করপোরেশনের ২৬শ’ মসজিদে সামান্য মাসিক সম্মানী ভাতা চালু করেছি, যাতে ২৬শ’ আলেম পরিবার ভাল থাকতে পারে।
করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়ে গাসিক মেয়র বলেন, বিপদ আসবে; ষড়যন্ত্র হবে; হাল ছাড়বেন না। মহান আল্লাহর ওপর আস্থা রাখুন। আল্লাহ যাকে যেভাবে রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকুন। আল্লাহ যেভাবে রাজি খুশি থাকে সেভাবে চলার চেষ্টা করুন।