কোভিড-১৯ মোকাবেলায় গাজীপুরে যোগ দিয়েছেন ২৫ চিকিৎসক ও ১১৫ নার্স

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় নতুন নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের মধ্যে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে কর্মস্থল পেয়েছেন ২৫ জন। এ তালিকায় ১১৫ জন নার্সও রয়েছেন।

তাঁদের মধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্স বাদে গত ১২ মে বাকিরা কাজে যোগদান করেছেন বলে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দুই হাজার চিকিৎককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছে সরকার।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক তপন কান্তি সরকার বলেন, ৩৯ তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এই চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দেওয়ার পর ১২ মে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে যোগ দিয়েছেন।

কোভিড-১৯ চিকিৎসার জন্য ‘ডেডিকেটেড’ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নয়জন চিকিৎসক এবং ১১৩ জন নার্স যোগ দিয়েছেন বলে জানান উপ-পরিচালক তপন কান্তি সরকার।

এছাড়া কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গাজীপুর সদর উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রে ১ জন ও সিভিল সার্জন কার্যালয়ে ৩ জন চিকিৎসক যোগ দিয়েছেন বলে সিভিল সার্জন জানান।