পাকিস্তানে ১০০ জনের বেশি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ১০০ জনের বেশি আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে৷ বার্তা সংস্থা ডিপিএ, এএফপি, এপি এই তথ্য জানিয়েছে।

এয়ারবাস এ ৩২০ মডেলের উড়োজাহাজটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানটিতে ১০০ জনেরও বেশি আরোহী ছিলেন বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল সাত্তার বলেন, ‘‘বিমানটি করাচিতে বিধ্বস্ত হয়েছে। আমরা যাত্রীদের সংখ্যা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি৷ কিন্তু প্রাথমিকভাবে (জানা গেছে) এতে ৯৯ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন।’’ রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি লাহোর থেকে আসছিল বলে জানান তিনি।

এদিকে পিআইএ এর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন পিকে ৮৩০৩ ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দুই থেকে তিনবার জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্ত হওয়ার পরের তাৎক্ষণিক ছবি প্রকাশ হয়েছে। এসময় দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। কতজন মারা গেছেন বা আরোহীদের কেউ বেঁচে আছেন কীনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষয়ক্ষতি নিরূপণ এবং উদ্ধার কাজে অংশ নিতে হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বেশ কিছুদিন বন্ধ রাখার পর সম্প্রতি বাণিজ্যিক বিমান চলাচল চালু করেছে পাকিস্তান।