ভারতে করোনায় মৃত ৪৫৩১ জন , আক্রান্ত এক লক্ষ ৫৮ হাজার ৩৩৩ জন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের জেরে সংক্রমণ। কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বুধবার দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ছ’হাজার ৫৬৬ জন। এই বৃদ্ধির জেরে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ৫৮ হাজার ৩৩৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাতে। এই চারটি রাজ্যে মিলে আক্রান্তের সংখ্যা এক লক্ষেরও বেশি। গত সাত দিনে দেশে রোজ নতুন করে আক্রান্ত হয়েছেন ছ’হাজারেরও বেশি জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৪ জনের। এই নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে মোট চার হাজার ৫৩১ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৭ জনের। ৯৩৮ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩১৩, দিল্লিতে ৩০৩, পশ্চিমবঙ্গে ২৮৯। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (১৮২), রাজস্থান (১৭৩),ও তামিলনাড়ু (১৩৩)।

ভারতে প্রথম করোনার সন্ধান মিলেছিল কেরলে। যদিও তার পর সেখানে সংক্রমণের হার বেশ কমে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় ৪১ জন আক্রান্ত হওয়ায় কেরলে সংক্রমণের সংখ্যা দাঁড়াল এক হাজার চার জন। দেশের করোনা আক্রান্তের এক তৃতীয়াংশেরও বেশি মহারাষ্ট্রে। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন দু’হাজার ১৯০ জন। এ নিয়ে সে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ হাজার ৯৪৮ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৪৫ জন। এর পর রয়েছে রাজধানী দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৫৭ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৯৫ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৭,৭০৩), মধ্যপ্রদেশ (৭,২৬১), উত্তরপ্রদেশ (৬,৯৯১), পশ্চিমবঙ্গ (৪,১৯২), অন্ধ্রপ্রদেশ (৩,১৭১),বিহার (৩,০৬১), কর্নাটক (২,৪১৮), পঞ্জাব (২,১৩৯), তেলঙ্গানা (২,০৯৮), জম্মু-কাশ্মীর (১,৯২১), ওড়িশা (১,৫৯৩) ও হরিয়ানা (১,৩৮১)।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪,১৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৮৯ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে, করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ২১৯। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।

করোনাভাইরাসে যেমন মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমন সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও নেহাত কম না। প্রতিকূল পরিস্থিতিতে এটাই যেন আশার আলো। কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও অবধি সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৬৯২ জন। তার মধ্যে তিন হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।