গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ শনাক্ত হয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের একজন সহকারী অধ্যাপক (৫৮) এবং উপসর্গ নিয়ে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের একজন সিনিয়র শিক্ষক (৬০) মারা গেছেন।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় একজন ও রাতে অপরজনের মৃত্যু হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক (প্রশাসন) নূরুল ইসলাম নূরু বলেন, শনিবার বিকেলে ৪ টার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ওই অধ্যাপককে করোনা টেস্টের জন্য গুরুতর অসুস্থ অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে আনা হয়। পরে তাঁকে প্রাথমিক সেবা দেওয়া হয় এবং করোনা টেস্ট করানো হয়। এতে তাঁর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। ওই শিক্ষককে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছিল। পরে তিনি সন্ধ্যায় টঙ্গী বাজার সংলগ্ন ভরানের নিজ বাসায় গিয়ে মারা গেছেন।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের একজন সহকারী অধ্যাপক মারা গেছেন। তিনি টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি কলেজ শাখায় ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন।
টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, প্রায় সপ্তাহ খানেক ধরে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভোগছিলেন আমাদের এক সহকর্মী। তিনি চেরাগ আলীর সুর তরঙ্গ রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার রাত ১১ টার দিকে তাঁর জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে অসুস্থ হয়ে পরে রাত একটার দিকে নিজ বাসায় তিনি মারা যান। তিনি স্কুল শাখায় সামাজিক বিজ্ঞান বিষয়ের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। ওই শিক্ষকের লাশ দাফনের জন্য রুপগঞ্জ থানার দক্ষিণ শিমুলিয়ায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপকের লাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে শনিবার রাতে টঙ্গীর মরকুন গোরস্থানে দাফন করা হয়েছে। বর্তমানে ওই অধ্যাপকের বাড়িটি লকডাউন করা হয়েছে’।