গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে কালীগঞ্জসহ গোটা দেশ। অঘোষিত লকডাউন চলছে দীর্ঘ দুই মাস পেরিয়ে তিন মাস হতে চললো। লকডাউনে হঠাৎ কর্মহীন হয়ে পড়া মানুষ ভুগছেন খাদ্য সঙ্কটে। এমন সময় বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দিচ্ছেন সরকার ও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই। এর মধ্যেও ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত ছিল কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের জেলে, মাঝি, শীল ও বাড়ৈ পল্লীর অসংখ্য পরিবার।
বিষয়টি জানতে পেরে মূলগাঁও এলাকার সংখ্যালঘু পল্লীতে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে গেলেন স্থানীয় ব্রিক (ইট) ফিল্ড ব্যবসায়ী শ্রীধাম দাশ।

গত বুধবার (৩ জুন) দিনব্যাপী কালীগঞ্জ পৌরসভার স্থানীয় (৮নং ওয়ার্ড) কাউন্সিলর আমির হোসেনকে সঙ্গে নিয়ে নিজ হাতে ত্রাণ সহায়তা তুলে দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের জেলে, মাঝি, বাড়ৈ ও শীল পল্লীর ১৪৫ পরিবারের হাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের পৌরসভার মূলগাঁও এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের জেলে, মাঝি, বাড়ৈ ও শীল পল্লীর অসংখ্য পরিবারই ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। এমন সময় ব্রিক (ইট) ফিল্ড ব্যবসায়ী শ্রীধাম দাশ ওই পল্লীর ১৪৫ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌছে দেন। এতে কিছুটা স্বস্তি বোধ করছে এখন ওই পরিবারের সদস্যরা। ত্রাণ সহায়তা পেয়েছে ওই পল্লীর ৯৫ জেলে পরিবার, ১৫ মাঝি পরিবার, ১৫ বাড়ৈ পরিবার এবং ২০ শীল পরিবার।

সন্তুষ্টি প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক ত্রাণ সহায়তা পেয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের এমন কয়েকটি পরিবারের সদস্যরা বলেন, ‘শ্রীধাম বাবুর কাছ থেকে পাওয়া ত্রাণ সহায়তা ব্যতীত আমাদের এই পল্লীর বেশিরভাগ পরিরারই সরকার ও ব্যক্তিগত উদ্যোগে দেওয়া ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত ছিলাম’।
ব্রিক (ইট) ফিল্ড ব্যবসায়ী শ্রীধাম দাশ বলেন, ‘লকডাউনে হঠাৎ কর্মহীন হয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জেলে, মাঝি, বাড়ৈ ও শীল পল্লীর ১৪৫ পরিবারের কাছে ত্রাণ সহায়তা দিতে পেরে আমি নিজেও কিছুটা স্বস্তি বোধ করছি’।
কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বলেন, ‘ব্রিক (ইট) ফিল্ড ব্যবসায়ী শ্রীধাম দাশ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৫ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। আমি নিজেও আরও কিছু পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই এলাকায় আগেও কয়েকদফায় সরকার ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা তুলনামূলকভাবে ত্রাণ সহায়তা কিছুটা কম পেয়েছে। তাই শ্রীধাম দাশকে দিয়ে তাঁদের ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছি’।