গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি জাহেদুল ইসলাম দুলাল (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাজতি দুলাল বরগুনার সদর থানার বদরখালী এলাকার সাদেম আলী বেপারির ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, ধামরাই থানার ২০১৮ সালের একটি মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন দুলাল। এক পর্যায়ে রাত দেড়টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাসুদ রানা কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, কারাগারের ভেতর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে দুলাল। পরে রাত আড়াইটার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।