গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে (২২) শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত লাল মিয়া (৪০) নামে এক লম্পটকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকায়।
সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুজ্জামান।
গ্রেপ্তারকৃত লম্পট লাল মিয়া ব্রাহ্মনগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।
ভূক্তভোগী ছাত্রীর করা মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২ জুন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রী ব্রাহ্মনগাঁও বাজার থেকে খাতা কিনে বাড়ি ফেরার পথে ব্রাহ্মনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁকে একা পেয়ে পথে গতিরোধ করে এবং বিভিন্ন অশালিন কথাবার্তা বলে। এর প্রতিবাদ করলে এক পর্যায়ে লম্পট লাল মিয়া তার পরিহিত লুঙ্গি উঁচু করে স্পর্শকাতর স্থান দেখায় এবং ওই ছাত্রীর গায়ের ওড়না ধরে টানটানি করে। এছাড়াও ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে হাত দিয়ে যৌন কামনা হাসিলের চেষ্টা করে। কিন্তু তার ডাক-চিৎকার ও চেঁচা-মেচিতে পরিবার এবং আশপাশের লোকজন ছুটে আসলে লাল মিয়া দৌঁড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর ভূক্তভোগী ওই ছাত্রী শুক্রবার (৫ জুন) কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, লাল মিয়া প্রকৃতপক্ষে লম্পট ও বখাটে প্রকৃতির লোক। এর আগেও তাকে নিয়ে একাধিক বিচার-শালিশ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বলেন, ভূক্তভোগী ওই ছাত্রীর দায়ের করা মামলায় অভিযুক্ত লাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।