গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জে মো. আবদুল মজিদ (৬৫) নামে করোনা আক্রান্ত এক ব্যক্তিকে তৃতীয় পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে সুস্থ ঘোষণার পরদিনই তিনি মারা গেলেন! মৃত ওই ব্যক্তির বাড়ি উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে অত্যন্ত সতর্কতার সঙ্গে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার রাতে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ঈদের কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ২১ মে তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে পাঠায়।
২৪ মে কুমিল্লা জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ আসলে তাকে হোম আইসোলেশনে রেখে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন।
এদিকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ পুনরায় গত ৩ জুন ওই ব্যক্তির দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে ৬ জুন তার রিপোর্ট নেগেটিভ আসে। স্বাস্থ্যবিভাগ বিষয়টি আরো অধিক নিশ্চিত হতে গত ৯ জুন তৃতীয়বার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায় এবং আক্রান্ত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার (১১ জুন) সুস্থ ঘোষণা করেন। সুস্থ ঘোষণার এক দিন পর আজ (১২ জুন) সকাল ৭টার দিকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে নিজ বাড়িতে মারা যান।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, মো. আবদুল মজিদ মারা যাওয়ার সংবাদ পেয়ে তিনি ল্যাবে যোগাযোগ করেছেন। তৃতীয়বার পাঠানো ওই ব্যক্তির নমুনার রিপোর্টও নেগেটিভ বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেন।