কোভিড-১৯ : নমুনা দিতে লাগবে জাতীয় পরিচয়পত্র

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার থেকে নমুনা দিতে আসা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জেলা স্বাস্থ্য বিভাগের ফেসবুক পেজেও দেওয়া হয়েছে।

জানা গেছে, কয়েক দিন আগে মাদারীপুর শহরের পাকদি এলাকায় সিদ্দিক নামে এক ব্যক্তি কোভিড-১ পরীক্ষার জন্য নমুনা না দিলেও তার মোবাইলে কোভিড-১ পজেটিভ হয়েছে জানিয়ে এসএমএস আসে। প্রশাসনের লোকজনও সিদ্দিককে খুঁজতে থাকে।

পরে জানা যায়, সিদ্দিকের মোবাইল নম্বর দিয়ে অন্য কেউ কোভিড-১৯ টেস্ট করেন। এ কারণে প্রকৃত আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোভিড পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে আনার বিষয়টি বাধ্যতামূলক করা হয়।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, ‘করোনা বর্তমানে খুবই স্পর্শকাতর একটি বিষয়। কয়েকদিন আগে এক ব্যক্তি করোনা টেস্ট দিয়ে ভুল মোবাইল নম্বর দিয়ে যায়। এ নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে। আমরা কোভিড-১৯ শনাক্ত প্রকৃত ব্যক্তিকে খুঁজে পায়নি। অনেকে আবার ভুল ঠিকানা প্রদান করে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে যাতে এ রকম কেউ না করতে পারে সে জন্য এখন থেকে করোনা টেস্টের জন্য নমুনা দিতে হলে নমুনা প্রদানকারীকে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে। কেউ সঙ্গে না নিয়ে আসলে আমরা টেস্ট নিবো না।’