নিখোঁজের চার দিন পর কালীগঞ্জে শীতলক্ষ্যায় ভেসে উঠল বৃদ্ধার লাশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের লতিফপুর এলাকা থেকে কাপাসিয়ায় বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গত ১২ জুলাই নিখোঁজ হন আমেনা খাতুন(৬৭) নামে এক বৃদ্ধা।

চার দিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কালীগঞ্জের নারগানা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে উঠে ওই বৃদ্ধার লাশ।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক।

নিহত আমেনা খাতুন শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকার মৃত আব্দুল সাত্তারের স্ত্রী।

কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার বিকেলে নারগানা জেলে বাড়ি ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনরা বলেন, আমেনা খাতুন গত ১২ জুলাই সকাল সাড়ে দশটার দিকে তার বাবার বাড়ি কাপাসিয়ায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা হয়। এরপর তিনি আর তার বাবার বাড়ি কাপাসিয়ায় পৌছায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৩ জুলাই শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের নারগানা এলাকায় গিয়ে লাশ শনাক্ত করা হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আমেনা খাতুনের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, আমেনা খাতুন গত ১২ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল।