গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন কোভিড-১৯ শনাক্ত হয়েছিলেন গাজীপুরে সর্বোচ্চ (একদিনে) ১৪৯ জন শনাক্তের দিন গত ১৭ জুন (বুধবার)। এরপর ১৩ দিন আইসোলেশনের নিয়ম মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিয়ে গত ৩০ জুন করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেন জেলা ছাত্রলীগের এই নেতা।
করোনার সেই উপলব্ধির বিষয়ে মঙ্গলবার (২১ জুলাই) রাতে ছাত্রলীগ নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে শেয়ার করেন।
পাঠকদের জন্য ছাত্রলীগ নেতার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
স্ট্যাটাসের প্রথমেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন লিখেন, আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল ১৭ জুন, ২০২০ তারিখে। তার দিন পাঁচেক আগে আমার হঠাৎ জ্বর আসে। জ্বরের মাত্রা খুব বেশি ছিল না।
আমি ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করতে দেই এবং ১৭ জুন তারিখে রিপোর্ট আসে আমার করোনা পজেটিভ। ২য় বার ২৫ তারিখে দেওয়া সেম্পল ও ৩য় বার ২৮ তারিখে দেওয়া সেম্পল টেস্ট করতে দিলে নেগেটিভ রিপোর্ট আসে ৩০ জুন। এই মাঝখানের সময়টা আমার জীবনে কঠিন একটা সময় ছিলো। বলতে গেলে একটা বড় শিক্ষার সময়। আমি অনেক কিছু শিখেছি এই সময়। জীবনটাকে নতুন করে উপলব্ধি করেছি। সেই উপলব্ধি থেকে কিছু বিষয় শেয়ার করবো।
আমার অভিজ্ঞতা থেকে বলছি… এই সময়ে যদি কারও জ্বর, ঠান্ডা, শুস্ক কাশি ও শরীর ব্যাথা হয় তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন। অবহেলা করার সুযোগ নেই। অবশ্যই করোনা টেস্ট করান। রিপোর্ট নেগেটিভ আসলে আলহামদুলিল্লাহ। পজেটিভ আসলেও ভীত হবেন না। মনোবল শক্ত রাখুন। বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ সবজী ও ফলমূল খান। যেমন লেবু, মাল্টা খুব উপকারী। সবচেয়ে বড় কথা দুশ্চিন্তা করা যাবেনা। আমার ধারণা দুশ্চিন্তা থেকেও অনেক সময় শ্বাসকষ্টের প্রকোপ বাড়তে পারে।
আমার অসুস্থ হওয়া থেকে শুরু করে সুস্থ হয়ে উঠার আগ পর্যন্ত আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, গুরুজন, শুভাকাঙ্খী, শ্রদ্ধেয় নেতা, ভালবাসার কর্মী ও প্রতিবেশীদের কাছ থেকে অনেক দোয়া ও সাহস পেয়েছি। পেয়েছি বলেই আমি ভীত হইনি। আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহতায়ালা আমাকে সুস্থ করে দিয়েছেন। বলতে গেলে এটা আমার নতুন জীবন। এই যে আপনাদের দোয়ায় আমার ফিরে আসা এর ফলে আমার কাজের জায়গায় দায়বদ্ধতা আরও বেড়ে গেছে, এটা আমি উপলব্ধি করি। বাকি জীবন আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার নিজের থেকে যেটুকু করার আমি করে যাবো।
আর আপনারা আমার ওপর আস্থা রেখে যদি কোনও দায়িত্ব দেন আমি তা পবিত্র মনে করে পালন করবো। কথা দিচ্ছি আপনাদের যে বিশ্বাস আমার ওপর আমি তা কোনদিনও নষ্ট হতে দেবো না। আমি নেতা নই, আপনাদের রবিন, আপনাদের আদর-ভালোবাসা নিয়ে একটা জীবন কাটিয়ে দিতে চাই।
আমার জন্য দোয়া করবেন। আমি যেনো সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আমার জন্য যেনো কেউ কষ্ট না পায়। সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ করোনার এই সঙ্কট অচিরেই কেটে যাবে।
আরো জানতে…
কোভিড-১৯: উদ্বেগ বাড়িয়ে গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১৪৯ জন শনাক্ত