গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে এখন বহুল ব্যবহৃত দুইটা জিনিস হচ্ছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। শুরুতে চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার বাজারে সেভাবে পাওয়া যাচ্ছিল না ৷ কোথাও কোথাও অনেক বেশি দামেও বিক্রি করা হচ্ছিল স্যানিটাইজার ৷ কিন্তু এখন মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের ছড়াছড়ি৷
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয়। ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা বলেন, ‘এমন সংক্রমণ যে হবে, তা কেউ ভাবেনি। তবে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয়।’
ভার্মা আরো বলেন, ‘মাস্ক পরুন, বারবার গরম পানি খান ও ভাল ভাবে হাত ধুয়ে নিন।’
বিশেষজ্ঞদের মতে, আমাদের ত্বকে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে, যারা আমাদের ত্বককে রক্ষা করে। তবে বেশি পরিমানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে এসব ব্যাকটেরিয়াও মরে যায়। তাই সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে নিন। কারণ এমন অনেক হ্যান্ড স্যানিটাইজার আছে। যাতে নিম্নমানের অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে।