গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় ভারতের ওই গোয়েন্দা ড্রোনটিকে ধ্বংস করা হয়।
রবিবার (২৬ জুলাই) রাতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানায়।
এ বিষয়ে আইএসপিআর’র পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতের অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। গত মে মাসেও পাক বাহিনী ভারতের অন্তত দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে বলেও দাবি করে আইএসপিআর।
এভাবে সীমান্তের ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠানো বিদ্যমান রীতিনীতি এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। আর কাশ্মীরের সীমান্ত রেখা বরাবর তাদের সেনাবাহিনীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে।
সূত্র : পার্সটুডে