লেবাননে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের এক বিস্ফোরণে গোটা শহর প্রকম্পিত হয়েছে। নিহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার শহরের বন্দর এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ বহু মানুষ আহতও হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে কি থেকে এত বড় বিস্ফোরণ ঘটল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।

বন্দরের কাছে বিস্ফোরকের গুদাম আছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সিসহ (এনএনএ) নিরাপত্তা কর্মকর্তারা।এলাকাটিতে রাসায়নিকেরও মজুদ আছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা।

কয়েকটি খবরে বলা হচ্ছে, বিস্ফোরণটি দুর্ঘটনাবশত ঘটে থাকতে পারে। ন্যাশনাল নিউজ এজেন্সি ‘এনএনএ’ এর আগে প্রাথমিক খবরে বন্দরের কাছের বিস্ফোরকের গুদামে আগুন লাগার কথা জানিয়েছিল।

বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে বাসিন্দারা ভেবেছিল ভূমিকম্প হয়েছে। মানুষজন চিৎকার, ছুটোছুটি করেছে। আশেপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে,ভবন ধসে অনেকে আহত হয়েছে।

অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে বড় ধোঁয়ার কুন্ডলী এবং ধসে পড়া বাড়িঘরসহ ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখা গেছে। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা অন্তত ১০ টি মৃতদেহ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। লেবাননের রেডক্রস বলছে, শত শত আহত মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে লোকজনকে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড শব্দে প্রথম বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

লেবাননে সরকারের করোনাভাইরাস সমাল দেওয়া, অর্থনীতিতে ধস নিয়ে জনগণের ক্ষোভ, অসেন্তোষ এবং সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যা মামলার রায় হওয়ার আগে দিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।

ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমান্ত নিয়েও উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিস্ফোরণের ঘটনার সঙ্গে ইসরায়েল তাদের কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছে।