গাজীপুর কণ্ঠ ডেস্ক : নাশকতার মামলায় পুলিশের দেওয়া চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ কর্তৃক তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহ স্থানীয় সরকার উপপরিচালক এ এক এম গালিব খান।
গালিব খান বলেন, ‘২০১৫ সালের একটি নাশকতার মামলায় পুলিশের দেওয়া চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। ফলে ওই পৌর মেয়র কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি মর্মে মনে করে সরকার। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী শহীদুল ইসলামকে পৌর মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
মেয়র শহীদুল ইসলাম বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে আমি আদালতের স্মরণাপন্ন হব।’
প্রসঙ্গত, মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারায় বলা আছে, যেক্ষেত্রে কোন পৌরসভার মেয়র অথবা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে।