গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের বানার হাওলা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় পুকুর থেকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।
মৃত দুই শিক্ষার্থী হলো: কাপাসিয়া উপজেলার বানার হাওলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে সানি (৮) ও একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে রাফিজ আহমেদ স্বাধীন (১০)। সানি স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে এবং স্বাধীন মাদ্রাসায় পড়তো।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে সানি ও স্বাধীন ওই এলাকায় একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা দুজনেই পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যার দিকে পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ওই পুকুরে জাল টেনে আরো এক জনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।